দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দিতে ইসরায়েলকে কোনোভাবেই সুযোগ দেওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা আঞ্চলিক দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়।
শনিবার ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরদোয়ান।
তিনি বলেন, ‘আঞ্চলিক দেশগুলোর ইচ্ছা ও অবদান ছাড়া কোনো সমাধানই দীর্ঘস্থায়ী হতে পারে না।’
এরদোয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নস্যাৎ করার চেষ্টা করছে ইসরায়েল। তিনি বলেন, ‘ইসরায়েলি প্রশাসনের সমঝোতা ভেস্তে দেওয়ার প্রচেষ্টা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যুদ্ধপাগল বর্তমান ইসরায়েলি সরকারকে আবারও আমাদের এই অঞ্চলকে বারুদের গন্ধ ও রক্তে ভাসিয়ে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না।’
এর আগেও এরদোয়ান একাধিকবার অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা দুর্বল করার চেষ্টা করছে ইসরায়েল। পাশাপাশি গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানও বারবার নিন্দা জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে কাতারে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। সাম্প্রতিক সংঘাতের পর আলোচনাকে এগিয়ে নিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, সমঝোতা লঙ্ঘনের ঘটনা যুক্তরাষ্ট্রকে জানাতে ওয়াশিংটনের সঙ্গে একটি ‘যোগাযোগ চ্যানেল’ চালু করবে তেহরান।
কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে চূড়ান্ত চুক্তির সময়সূচি অন্তর্ভুক্ত রয়েছে।
তবে সমঝোতার ব্যাখ্যা নিয়ে মতপার্থক্যের মধ্যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা চালায়।
সূত্র: আল জাজিরা
এমএস/